মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় একটি ইজিবাইক দুর্ঘটনার শিকার হলে এক শিশু ও তার চাচি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মাদবরকান্দি গ্রাম থেকে ৯ বছর বয়সী শিশু আয়েশা ও তার পরিবারের সদস্যরা পাশের কাদিরপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকে করে যাচ্ছিলেন। পথে ঝিনাইরগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুন: কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যারা থাকবেন
আর/


