মেহেরপুরের গাংনী কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে কসবা পুরাতন বাজারে এ আয়োজন করা হয়।
কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার সভাপতি ডাঃ শহিদুল্লাহ এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন লাল্টু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী থানার উপপরিদর্শক চয়ন সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক রাসেল আহমেদ।
বক্তারা বলেন, কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থা দীর্ঘ ৫ বছর রাত-দিন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে সদস্যরা সকলেই গাংনী উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মুমুর্ষ রোগীদের জন্য নিজে ও রক্ত সংগ্রহ করে দিয়ে আসছে। এলাকার অসহায় দরিদ্র মানুষকে শীতবস্ত্রসহ প্রতি ঈদ উৎসবকে আনন্দমুখর করতে খাদ্য সামগ্রী বিতরণ করে। এই মহৎ উদ্যোগকে স্থায়ীভাবে আরো সক্রিয় করতে নির্দিষ্ট একটি ঠিকানার প্রয়োজন ছিলো তা আজ বাস্তবায়ন হলো। এখন থেকে যে কোন মানুষ যে কোন সমস্যায় পড়লে এখানে এসে জানাতে পারবে। সকলকে এই উদ্যোগের পাশে থেকে সহযোগীতার আহবান জানান।
আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কসবা ডুবাপাড়া জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব রাকিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আজিজুল হক আকাশ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদ আলী ও ক্রীড়া সম্পাদক সৌরভ আলীসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী


