যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন ওয়াশিংটন সফর ও হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠক নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারের বরাতে আল জাজিরা জানায়, ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, নেতানিয়াহু ভালো করেই জানেন এখানে “আসল বস কে”।
ট্রাম্প জানান, আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কে অনুষ্ঠিত ন্যাটোর উচ্চপর্যায়ের সম্মেলন শেষে তিনি দেশে ফেরার পর এই বহুল আলোচিত বৈঠকটি হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো।
তবে বৈঠকের সময়সূচি নিয়ে এক ধরনের অনিশ্চয়তাও রয়েছে। অ্যাক্সিওসকে দেওয়া বক্তব্যে ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই দ্বিপক্ষীয় বৈঠকটি নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরেও হতে পারে।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, দুই নেতা ইতোমধ্যে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন এবং খুব দ্রুত ওয়াশিংটনে সাক্ষাতের বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সফরেই তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন বলে জানা যায়।
হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস আরও জানিয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টা ও নীতিনির্ধারক মনে করেন, ইরান ইস্যুতে নেতানিয়াহুর নেওয়া কিছু সিদ্ধান্ত ও কৌশল সঠিক ছিল না।
এদিকে সম্ভাব্য এই বৈঠককে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিব—দুই রাজধানীতেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বাড়ছে আগ্রহ ও আলোচনা।
পড়ুন: ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা: এডিসের লার্ভা তিনগুণ, সামনে কি বড় বিপদ?
আর/


