সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে এক নজিরবিহীন ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তারকৃত কোনো আসামির পক্ষে জামিন আবেদন বা কোনো ধরনের আইনি সহায়তা করবেন না জেলার আইনজীবীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন রেজা (স্বপন) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক)।
লিখিত বক্তব্যে তাঁরা জানান, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধসহ সামাজিক অপরাধ দমনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি “আলোকিত লালমনিরহাট” নামে যে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন, তার সাথে একাত্মতা পোষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও দেশকে রক্ষায় এবং “আলোকিত লালমনিরহাট” কর্মসূচি সফল করতে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ৯ জুলাই থেকে আগামী মাসের ৯ আগস্ট পর্যন্ত এই এক মাস আইনজীবীদের এই বয়কট কর্মসূচি বহাল থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনজীবী নেতারা স্পষ্ট করেন যে, আগামী এক মাস মাদক ও জুয়ার সাথে জড়িত নতুন কোনো আসামিকে লালমনিরহাটের কোনো আইনজীবী আইনি সহায়তা দেবেন না। তবে কোনো আসামি চাইলে আদালতে নিজের পক্ষে নিজেই (সেলফ ডিফেন্স) লড়তে পারবেন। অন্যদিকে, অতীতে এসব আইনে অভিযুক্ত যেসব আসামির বিচারকাজ বর্তমানে আদালতে চলমান রয়েছে, সেগুলোর কার্যক্রম নিয়মমাফিক পরিচালিত হবে।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, মাদক ও জুয়ার ভয়াল থাবায় আজ আমাদের যুবসমাজ চরম হুমকির সম্মুখীন। এদের কারণে পরিবার, সমাজ তথা দেশ নানা সংকটে উপনীত হতে পারে। তাই আইন পেশার মতো পবিত্র পেশায় নিযুক্ত লালমনিরহাট জেলার আইনজীবীরা এই কর্মসূচি গ্রহণ করেছেন।
পড়ুন : জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় হেঁটে আসা সেই ইরা মনি হত্যা মামলার রায় আজ
সা/


