কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানা থেকে রুবেল (২১) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের পরিহিত শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়েছেন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিকলী থানা হাজতখানায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল নিকলী উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর রুবেলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্তে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পড়ুন : খুলনা জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ফেরাতে অভিযান চলছে


