বিজ্ঞাপন

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর সুইজারল্যান্ডের

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সুইজারল্যান্ডের জন্য এসেছে ইতিবাচক খবর। চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে খেলতে না পারা তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও তার খেলা এখনও নিশ্চিত নয়, তবু সুইস কোচিং স্টাফের বিশ্বাস, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তিনি মাঠে নামার মতো ফিট হয়ে উঠতে পারেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচকে ঘিরে সুইস শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় মানজাম্বির ফিটনেস। অন্যদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মিশরের বিপক্ষে জয় পাওয়া দলের মূল একাদশে বড় পরিবর্তন আনতে চান না।

ফ্রাইবুর্গের হয়ে দারুণ মৌসুম কাটানোর পর ইউরোপের সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মানজাম্বি। আগামী মৌসুমে ইংলিশ ক্লাব নিউক্যাসলে তার যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এমন সময় বিশ্বকাপে হাঁটুর চোট পাওয়া সুইজারল্যান্ডের জন্য বড় ধাক্কা হয়ে আসে।

শেষ ষোলোর আগে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতির সময় অনুশীলনে হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্যেই রয়েছেন। সাম্প্রতিক সময়ে তার অবস্থার উন্নতি হলেও কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন প্রধান কোচ মুরাত ইয়াকিন।

মানজাম্বির খেলার সম্ভাবনা নিয়ে ইয়াকিন বলেন, চিকিৎসকদের দৃষ্টিতে যদি তা নিরাপদ ও যৌক্তিক হয়, তাহলেই তাকে খেলানো হবে।

সাম্প্রতিক অনুশীলনে হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে মানজাম্বিকে। তিনি সতীর্থদের তুলনায় আলাদা করে অনুশীলন করেছেন এবং হাঁটার সময়ও চোটের প্রভাব স্পষ্ট ছিল। তবুও ধীরে ধীরে অনুশীলনে ফিরতে পারায় দলের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

তবে শেষ পর্যন্ত মানজাম্বি খেলতে না পারলে তার জায়গায় জিব্রিল সোকেকে একাদশে দেখা যেতে পারে। এর আগে কলম্বিয়ার বিপক্ষে তার অনুপস্থিতিতে আর্দন ইয়াশারিকে শুরুর একাদশে রেখেছিলেন ইয়াকিন। তবে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় বিরতির আগেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের হয়ে সবচেয়ে কার্যকর আক্রমণভাগের খেলোয়াড় মানজাম্বিই। এখন পর্যন্ত তিনটি গোল করেছেন তিনি। বসনিয়ার বিপক্ষে দুটি এবং কানাডার বিপক্ষে একটি গোলের পাশাপাশি কানাডা ও আলজেরিয়ার বিপক্ষে একটি করে মোট দুটি অ্যাসিস্টও করেছেন।

বিশ্বকাপের শুরুতে অবশ্য নিয়মিত একাদশে জায়গা পাননি এই ফরোয়ার্ড। কাতার ও বসনিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ থেকে তিনি প্রথম একাদশে নিয়মিত সুযোগ পান। এরপর ধারাবাহিক নৈপুণ্যে দলের আক্রমণের প্রধান ভরসায় পরিণত হন। তবে হাঁটুর চোটে ছিটকে পড়ায় সুইজারল্যান্ড বড় ধাক্কা খায়। এখন আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তাকে ঘিরেই নতুন করে আশাবাদী হয়ে উঠেছে সুইস শিবির।

পড়ুন: নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বৃদ্ধা হত্যায় গ্রেপ্তার ৫

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন