বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা উদ্যোগ চালু করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় প্রাথমিকভাবে সাত দেশের ভ্রমণকারীরা ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার সুবিধা পাবেন। এর ফলে সৌদি আরবে ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ হবে।
শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভিসা প্যাকেজ কর্মসূচির প্রথম ধাপে সাতটি দেশকে অন্তর্ভুক্ত করেছে সৌদি আরব। এসব দেশের নাগরিকরা একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করতে পারবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদের জন্যও এই সেবা চালু করা হবে।
এই কর্মসূচির আওতায় একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণের প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করা যাবে। এতে রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন করার পর ভ্রমণকারীরা ইমেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবেন।
বর্তমানে রিজারভাল ও আলমোসাফ—এই দুটি ট্রাভেল এজেন্সিকে এ সেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভিসাটির মেয়াদ হবে তিন মাস। এতে একবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে এবং দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা ইস্যু ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট এবং বিনোদনমূলক অভিজ্ঞতার মতো ঐচ্ছিক সেবাও যুক্ত করতে পারবেন।
তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না। যদিও ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা, মদিনাসহ দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।
অপ্রত্যাশিত কারণে ফ্লাইট বা আবাসন বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে এই কর্মসূচি আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন দেশও এর আওতায় আনা হবে।
পড়ুন: ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, জানালেন ট্রাম্প
আর/


