বিবাহ বিচ্ছেদের পরেও সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবেক স্বামীর দ্বারা হেওপতিপন্ন হচ্ছেন কলেজ শিক্ষিকা। মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত করে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার(১১ জুলাই) বেলা ১২ টায় ঠাকুরগাঁওয়ের একটি রেস্টুরেন্টে পাল্টা সংবাদ সম্মেলন করে এমন অভিযোগে করেন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নারগিস খাতুন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ৮ জুলাই এই শিক্ষিকার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করা, অর্থ আত্মসাৎ, প্রতারণা সহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তার সাবেক স্বামী হুমায়ুন কবির। সে সংবাদ সম্মেলনের সমস্ত তথ্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন এই শিক্ষিকা।
এরই প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলনে নারগিস খাতুন বলেন, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও হুমায়ুন কবির ও একটি কুচক্রী মহল জোগসাজস করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, আমার বিয়ের বিষয়সহ কোন তথ্য কখনোই গোপন রাখা হয়নি। আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেই তৃতীয় বিয়েতে আবদ্ধ হই।
অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে শিক্ষিকা বলেন, যদি সত্যিই আমার বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা থাকত, তাহলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। হুমায়ুন কবির আইনের পথে শ্রদ্ধাশীল না হয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে। আমাকে মানসিকভাবে নির্যাতন করছে।
এসি, ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে শিক্ষিকা বলেন, এসব সামগ্রী তিনি ২০২৩ সালে নিজ অর্থে ক্রয় করেছেন এবং প্রয়োজনে ক্রয়রসিদ ও ওয়ারেন্টি সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে পারবেন। পাশাপাশি হুমায়ুন কবির অভিযোগ প্রমাণ করতে পারলে দাবি অনুযায়ী অর্থ ফেরত দিতেও প্রস্তুত বলে জানান তিনি।
শেষে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে আইন অনুযায়ী সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এসব ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ারও কথা বলেন এই শিক্ষিকা।
এ বিষয়ে জানতে শিক্ষিকার সাবেক স্বামী হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ইমি/


