মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এক নারী ও শিশুকে লক্ষ্য করে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
ভুক্তভোগী মায়া খাতুন জানান, গরমের কারণে রাতে তিনি বাড়ির ছাদে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পাশের একটি সুউচ্চ ভবন থেকে পরপর দুবার এসিডভর্তি কাঁচের বোতল নিক্ষেপ করা হয়। তবে দুটি বোতলই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর চিৎকার করলে মেহেরপুর শহরের খাঁপাড়ার মুন ও আসিফ দ্রুত ওই ভবন থেকে নেমে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দী লক্ষাধিক মানুষ
ইমি/


