রংপুর নগরীর মর্ডান মোড়ে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক মাদ্রাসা শিক্ষকের। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে মেয়েকে সঙ্গে নিয়ে সড়ক পার হচ্ছিলেন জিয়াদপুকুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম। এসময় রংপুর থেকে ঢাকাগামী আরএম পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে থাকা ১০ বছর বয়সী কন্যা সন্তান আহত হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় আন্দোলনকারীরা ঘাতক চালক ও হেলপারকে দ্রুত গ্রেপ্তার এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।
পড়ুন:কাতার আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল
ইমি/


