চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল আলম ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটার সময় বৃষ্টির মধ্যে গাছের একটি ডাল পাশের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এতে গাছে বিদ্যুৎ সঞ্চালিত হলে জামাল আলম গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছিল।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় সুরতহাল ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামাল আলমের অকাল মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে তাঁর এমন মর্মান্তিক মৃত্যু এলাকায়ও শোকের সৃষ্টি করেছে।
পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
ইমি


