‘লালনসম্রাজ্ঞী’খ্যাত শিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। গত বছর আজকের এই দিনে কিংবদন্তি এই শিল্পী মৃত্যুবরণ করেন।
তাঁকে স্মরণে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। সংগীতাঙ্গনে তাঁর অবদান, লালনসংগীতের প্রতি নিবেদন এবং লোকসংগীতে তাঁর অনন্য ভূমিকা নিয়ে আয়োজনটিতে আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি প্রচার করা হবে তাঁর গাওয়া কিছু বিখ্যাত গান।
দীর্ঘ সংগীতজীবনে ফরিদা পারভীন শুধু একজন শিল্পী হিসেবেই নয়, লালনগীতি ও বাঙালির লোকজ দর্শনের একজন গুরুত্বপূর্ণ প্রচারক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর কণ্ঠে লালন সাঁইয়ের গান শ্রোতাদের যেমন সুরের আবেশে ভাসিয়েছে, তেমনি লালনের দর্শন, মানবতাবাদ ও জীবনবোধকেও পৌঁছে দিয়েছে বৃহত্তর শ্রোতামহলে।
লালনসংগীতের বাণী ও সুরকে দেশ-বিদেশে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। বিভিন্ন দেশে তিনি লালনসংগীত পরিবেশন করেছেন।
১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে ফরিদা পারভীনের সংগীত জীবনের শুরু। পরে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পান।
এরপর সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নিয়ে এ ধারার অন্যতম প্রধান শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
লালনসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন।
পড়ুন : বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
সা/


