বিশ্বকাপের মঞ্চে এমন ম্যাচের অপেক্ষাতেই থাকেন ফুটবলপ্রেমীরা। একদিকে তারকায় ঠাসা, দুরন্ত গতির ফ্রান্স; অন্যদিকে বলের নিয়ন্ত্রণ আর কৌশলী ফুটবলে ছন্দময় স্পেন। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে আজ নির্ধারিত হবে ফাইনালের প্রথম দল। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফ্রান্স-স্পেনের প্রথম সেমিফাইনাল।
ম্যাচটিকে ঘিরে আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। একজন ফরাসি আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র, অন্যজন মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের ভরসার নাম। তবে লড়াইটা শুধু দুই তারকার নয়। ডাগআউটে দিদিয়ের দেশম ও লুইস দে লা ফুয়েন্তের কৌশলের পরীক্ষাও হতে যাচ্ছে এই মহারণে।
এবারের বিশ্বকাপে ফ্রান্সকে থামানোই যেন প্রতিপক্ষ দলগুলোর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। দলটির দুর্বলতা খুঁজে বের করাও সহজ নয়। প্রতিটি বিভাগেই তারকার ছড়াছড়ি। এমবাপ্পে একাই করেছেন ৮ গোল, আছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে। কিন্তু ফরাসি আক্রমণ শুধু তাকে ঘিরে নয়।
উসমান দেম্বেলে করেছেন ৫ গোল, ব্র্যাডলি বারকোলার গোল ২টি। আর ৫ গোলের উৎস তৈরি করে দলের আক্রমণে বড় ভূমিকা রেখেছেন মাইকেল ওলিস। বিশ্বকাপের অন্যতম সেরা প্লেমেকার হিসেবেও নিজেকে তুলে ধরেছেন তিনি। কোনে, চুয়ামেনি, উপামেকানো ও সালিবার মতো ফুটবলারদের চোটের ধাক্কা সামলেও ফ্রান্সের ছন্দে বড় কোনো ব্যাঘাত ঘটেনি।
ফরাসিদের এই অপ্রতিরোধ্য যাত্রা থামানোর সামর্থ্য যদি কোনো দলের থাকে, সেটি স্পেন এমন ভাবনার পেছনে সাম্প্রতিক ইতিহাসও আছে। ২০২৪ ইউরো ও ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালের স্মৃতি এখনও টাটকা। এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি।
স্পেনের সবচেয়ে বড় আকর্ষণ লামিন ইয়ামাল। বিশ্বকাপ চলাকালেই ১৯ বছর পূর্ণ করা বার্সেলোনা তারকা এরই মধ্যে বিশ্ব ফুটবলের পরিচিত মুখ। বয়সে তরুণ হলেও বড় ম্যাচের চাপ সামলে ম্যাচের গতিপথ বদলে দেয়ার সামর্থ্য দেখিয়েছেন বারবার। ফ্রান্সের গতির বিপক্ষে ইয়ামালের সৃষ্টিশীলতা কতটা কার্যকর হয়, সেদিকেও থাকবে বিশেষ নজর।
রাতেই মাঠে নামছে স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালে দুই দলের একাদশ ঘোষণা করা হয়েছে।
ম্পেনের একাদশ
উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
ফ্রান্সের একাদশ
মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়েঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে থাকবেন আইশোস্পিড
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে এক মাসেরও বেশি সময় ধরে চলা বিশ্বকাপের পর্দা নামছে আগামী রোববার। নিউ জার্সি স্টেডিয়ামে তারকাদের মেলা বসতে যাচ্ছে সমাপনী অনুষ্ঠানে।
স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে এই অনুষ্ঠান। ৩ দেশের ১৬টি শহরে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপের সমাপ্তি ও দলগুলোর রোমাঞ্চকর পথচলাকে উদ্যাপন করা হবে এই জমকালো আয়োজনে।
এছাড়া ইতালিয়ান গায়িকা লরা পাউসিনি, ‘পুসিক্যাট ডলস’-এর সাবেক কণ্ঠশিল্পী নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসদের সঙ্গে থাকবেন ইউটিউবার আইশোস্পিড। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে থাকবেন হলিউড তারকা টম ক্রুজও।
পড়ুন : ইংল্যান্ডের বিপক্ষে যে কারণে নীল জার্সি পরতে চায় আর্জেন্টিনা


