বিজ্ঞাপন

অবশেষে নেত্রকোনা ইফা’র সেই বিতর্কিত উপপরিচালকের পদাবনতিসহ বদলি

ঘুষ গ্রহণ, নজিরবিহীন অনিয়ম, সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার এবং শিক্ষক নেতাকে মারধরের মতো গুরুতর অভিযোগে নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহ আলমকে পদাবনতি দিয়ে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। গণমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. শাহ আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নেত্রকোনা জেলা কার্যালয়ে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল। গত ৬ জুলাই নাগরিক টিভিতে ‘টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছেন খোদ ইফা উপ-পরিচালক!’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এরআগে, ‘নাগরিক ডটকম’ অনলাইন পোর্টালে গত ২৯ জুন ‘নেত্রকোনায় ইফার নজিরবিহীন অনিয়ম: প্রতিবাদ করায় শিক্ষক নেতাকে মারধর’ এবং গত ৩০ মে ‘সময়মতো অফিসে আসেন না ইফা’র ডিডি, বিনামূল্যে গেস্ট রুমে বসবাস’ শিরোনামে আরও দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। গণমাধ্যমে এসব অভিযোগ সচিত্র উঠে আসার পর ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন নড়েচড়ে বসে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগের উপসচিব মো. গোলাম কবির স্বাক্ষরিত আদেশে অভিযুক্ত মো. শাহ আলমকে উপপরিচালক (চলতি দায়িত্ব) থেকে পদাবনতি দিয়ে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সুজন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে নেত্রকোনা জেলা কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ১৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের সকল দেনা-পাওনা পরিশোধ বা সমন্বয়পূর্বক অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় উক্ত তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য করা হবে।

নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের তৃণমূল পর্যায়ের কর্মী ও স্থানীয় আলেম সমাজে অভিযুক্ত এই কর্মকর্তাকে নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছিল। অবশেষে তার পদাবনতি ও বদলির খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় সচেতন মহলের মতে, গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন