রাজশাহীর চারঘাটে শিশু ও তানোরে গির্জায় আদিবাসী ধর্ষণের ন্যায় বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটি। জেলার তানোর উপজেলার গির্জায় আদিবাসী এক তরুণী এবং চারঘাটে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ন্যায়বিচার নিশ্চিত এর লক্ষে দাবি তাদের।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি যাদু কুমার দাস, আদিবাসী সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিন্তু, চারঘাটে ধর্ষণের শিকার সাত বছর বয়সী শিশুর মা রানী দাস, ঋতুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ওই সময় বক্তারা বলেন, তানোরের ভুক্তভোগী আদিবাসী তরুণী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। পরদিন ২৭ সেপ্টেম্বর এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ২৯ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর আদালত মামলার অভিযুক্ত যাজক প্রদীর গ্রেগরীকে খালাস দেন। এ রায়ে তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬বছর ধরে বিচারপ্রক্রিয়া চলার পরও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। তারা মামলার রায় পুনর্বিবেচনা করে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রকৃত বিচার নিশ্চিত করার দাবি জানান। অপরদিকে চারঘাটে সাত বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়।
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ধর্ষণসহ সকল যৌন সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানায়, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা ও ভুক্তভোগীরা।
পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপে উত্তাল সাগর: ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা
সা/


