তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের আগে তারা সড়কে অবস্থান নেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুপুর আড়াইটার পর সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দলে দলে এসে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কে বসে পড়লে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত নানা প্ল্যাকার্ডও ছিল।
অবরোধের কারণে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেককে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
সড়কে আটকে থাকা ঠিকানা পরিবহনের চালক মোজাম্মেল বলেন, “গাড়ি নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তা বন্ধ। এখন যেতে দিচ্ছে না। কখন রাস্তা ছাড়বে, সেটাও জানি না।”
এদিকে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে তারা শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াননি।
পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ
আর/


