মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানহানির মামলায় ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছেন লেখক ও সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারল। সুদসহ মোট ৫৬ লাখ ২৫ হাজার ৫ ডলার ৪৮ সেন্ট তার আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় তিন বছর আগে জুরির দেওয়া রায়ের পর ক্ষতিপূরণ পরিশোধের এই প্রক্রিয়া সম্পন্ন হলো।
মঙ্গলবার (১৪ জুলাই) আদালতের নথিতে অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়। বিচারক লুইস ক্যাপলানের নির্দেশে ক্ষতিপূরণের অর্থ ছাড় করা হয়েছে।
এর আগে ট্রাম্প মামলাটি সুপ্রিম কোর্টে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে দেশটির সর্বোচ্চ আদালত সেই আবেদন গ্রহণ করেনি। পরে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ পরিশোধ স্থগিত রাখার আবেদনও করেন তিনি। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করা হয়।
আদালতে জমা দেওয়া নথিতে ক্যারলের আইনজীবীরা জানান, এই অর্থ তিনি অবসরজীবনের জন্য সংরক্ষণ করবেন। তবে ট্রাম্পের পুনর্বিবেচনার আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থটি সুদবাহী একটি ব্যাংক হিসাবে রাখা হবে।
এদিকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। গত শুক্রবার তার আইনজীবীরা ফেডারেল আপিল আদালতে অর্থ হস্তান্তর স্থগিতের আবেদন করেন। তাদের দাবি, সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অর্থ ছাড় দেওয়া উচিত নয়। পাশাপাশি অর্থ ইতোমধ্যে হস্তান্তর হয়ে থাকলে তা আবার আদালতের নিয়ন্ত্রণাধীন হিসাবে ফেরত নেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়েছে। তবে জরুরি ভিত্তিতে অর্থ ছাড় স্থগিতের আবেদন আগেই খারিজ করে দিয়েছে আপিল আদালত। সর্বশেষ আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে ৮২ বছর বয়সী ই. জিন ক্যারল ক্ষতিপূরণের পুরো অর্থই পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলেন, চুক্তিভিত্তিক পারিশ্রমিকে মামলাটি পরিচালনা করা হলেও এই ক্ষতিপূরণের অর্থ থেকে তারা কোনো আইনগত ফি নেবেন না।
এক বিবৃতিতে ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান বলেন, তিন বছর আগে নয় সদস্যের সর্বসম্মত জুরি ই. জিন ক্যারলের ওপর যৌন নির্যাতন এবং পরবর্তীতে তাকে মানহানির দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিলেন। সেই রায়ের ভিত্তিতেই তিনি এখন ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন।
পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ
আর/


