টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতীল এলাকায় পুকুর পরিষ্কার করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মো. ফারুক মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া গায়রাবেতীল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুর পরিষ্কার করার জন্য ফারুক মিয়া পানিতে নেমে ছিলেন। কাজ করার একপর্যায়ে পানির নিচে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তিনি চিৎকার করলে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান,বর্ষা মৌসুমে জলাশয় ও ঝোপঝাড়ে বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সতর্কতার সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বাশুড়ি ও দুই ননদ আটক, স্বামী পলাতক


