পিরোজপুরের জিয়ানগর উপজেলায় আদালতের রায়ে মালিকানা পাওয়া জমি দখলের চেষ্টা এবং দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে।
গত সোমবার (১৩ জুলাই) উপজেলার ইন্দুরকানী গ্রামের এলজিইডি ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার সাকিল ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই হানিফ ফকির ও হেমায়েত মাতুব্বরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে আদালতে মামলা হলে গত ২১ এপ্রিল পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাকিল ফকিরের পক্ষে রায় দেন।
সাকিল ফকিরের অভিযোগ, আদালতের রায়ের পরও প্রতিপক্ষ কয়েক দফা সালিশি বৈঠকে অংশ নিলেও বিরোধের কোনো সমাধান হয়নি। সোমবার হানিফ ফকিরের ছেলে মিজান ফকির (৪০), মনির ফকির (৪৩), দেলোয়ার ফকির (৫০) এবং মহারাজ ফকিরের ছেলে হাসান ফকির (২৪) দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানঘর ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন।
তবে অভিযুক্তদের দাবি, তাদের নিজস্ব জমি বুঝিয়ে না দেওয়ায় তারা নিজেদের জমির ওপর থাকা বেড়া ও স্থাপনা অপসারণ করেছেন।
জমির মালিক সাকিল ফকির বলেন, “দীর্ঘদিন মামলা চলার পর আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। এরপরও প্রতিপক্ষ আদালতের রায় ও সালিশের সিদ্ধান্ত মানছে না। তারা আমার দোকানঘর ও টিনের বেড়া ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে।”
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুন : দিনাজপুরে রেললাইন অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ


