১৬ই জুলাই ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। ওই সময় মঞ্চে তার সাথে জি এম আজিজুর রহমান, প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী উপস্থিত ছিলেন। শুভ কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস্) প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান বেস্ট ক্যাডেট, ক্যাডেট সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম বেস্ট একাডেমিক, ক্যাডেট সাব-ইন্সপেক্টর তৌকির আহমেদ বেস্ট ফিল্ড একটিভিটিস, ক্যাডেট সাব-ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বেস্ট সুইমার এবং ক্যাডেট সাব-ইন্সপেক্টর মোঃ কামরান শেখ বেস্ট সুটার।
প্রধান অতিথি তার বক্তব্যে নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ তাদের সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের উর্ধ্বে থেকে মামলা তদন্ত, সকল শ্রেণীপেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানান। এই নতুন সাব-ইন্সপেক্টর ব্যাচ-২০২৫ কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।
পরিশেষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ সার্বিক আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য মৌলিক প্রশিক্ষণ শেষে ৫০০ জন ক্যাডেট এসআই দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন। বর্ণাঢ্য এ প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো অনেক স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : অপ্রমাণিত তালাকের অজুহাতে স্ত্রী-সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট
সা/


