বিজ্ঞাপন

বাবা-মায়ের সঙ্গে অভিমান, ৬৪ হাজার টাকা ও খেলনাসহ নিখোঁজ শিশু উদ্ধার

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার ১২০ টাকা ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আট বছরের এক শিশুকে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৮ জুলাই) বিকেলে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, শনিবার সকালে মাদারীপুর সদর থানার পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া শিশুটি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে মাহিম জমাদ্দার (৮)।

জেলা হাসপাতাল ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ জুলাই) শিরখাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। পরে তিনি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে বিষয়টি জানালে আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদ হেফাজতে নেন।

পরে শিশুটির ব্যাগ তল্লাশি করে তার প্রিয় খেলনার পাশাপাশি নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে জানানো হলে তিনি জেলা হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বিষয়টি অবহিত করা হয়।

শিশুটির বাবা সুমন জমাদ্দার বলেন, “ছেলেকে হারিয়ে পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছিলাম। হাসপাতালের আনসার সদস্যরা উদ্ধার না করলে আমার ছেলে হয়তো আরও দূরে কোথাও চলে যেত। ছেলেকে ফিরে পেয়ে আমাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।”

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন বলেন, “শিশুটিকে এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, পুনর্বাসনেও সর্বোচ্চ গুরুত্ব: এনাম এমপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন