গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮পিস ইয়াবাসহ শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২০ জুলাই) বিকালে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শাকিল মিয়া ওরফে শাকিল খান উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, আমার মাদক ও জুয়াসহ সব সময় সকল ধরনে অপরাধের বিরুদ্ধে। এনসিপি নেতা শাকিল খান ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন : স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক
সা/


