কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, এসব হামলায় মার্কিন রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গারসহ বিভিন্ন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গারেও হামলা চালানো হয়। এতে কয়েকটি ড্রোন ধ্বংস অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এরপর প্রকাশিত আরেক বিবৃতিতে কুয়েতে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করে আইআরজিসি।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আহমেদ আল-জাবের ঘাঁটিতে থাকা আগাম সতর্কীকরণ রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, এফপিএস-১১৭ রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে ওই অঞ্চলের রাডার নজরদারি সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
পড়ুন: বিশ্বকাপ জয় নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস
আর/


