টানা দুই দফা দাম কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকার তৈরির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে গত ১৪ জুলাই ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯২ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৭ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। চলতি বছরে রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।
পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা
আর/


