ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫) এবং নগরীর জুবলিঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী একটি ইজিবাইক ট্রাক ডিপোর সামনে পৌঁছালে সেখান থেকে বের হওয়া একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নিহত হন।
এ ঘটনায় ইজিবাইকের চালকসহ তিন নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবেদা খাতুন ও শিলা আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ইজিবাইকের চালক হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা
আর/


