ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশা চালক মো. সুন্দর আলীকে (৪৬) অপহরণের পর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। একই অভিযানে এক বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় অপহৃত অটোরিকশা চালককে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেরানীগঞ্জে অবস্থিত র্যাব-১০-এর সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির কর্মকর্তারা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে বিয়ে সংক্রান্ত কাজে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার থেকে রামেরকান্দা যাওয়ার পথে ধর্মশুর এলাকায় সুন্দর আলীর গতিরোধ করে অপহরণকারীরা। এরপর তাকে মারধর করে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চেতনানাশক খাইয়ে এবং ভীতি প্রদর্শন করে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে রাতে তাকে এক আসামির ভাড়া বাসায় নিয়ে তালাবদ্ধ করে রেখে পরিবারের কাছ থেকে দুই দফায় ৪৪ হাজার টাকা আদায় করা হলেও তাকে মুক্তি না দিয়ে প্রাণনাশের হুমকি ও বাড়তি টাকা দাবি করতে থাকে চক্রটি।
ঘটনার বিষয়ে ভিকটিমের স্বজনরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় অভিযানে নামে র্যাব-১০। এরপর পরদিন ২০ জুলাই দুপুরে শুভাঢ্যা এলাকার এক বাসা থেকে তালাবদ্ধ সুন্দর আলীকে উদ্ধার এবং অপহরণে সরাসরি জড়িত কুদ্দুস মিয়া, জুয়েল রানা ওরফে ‘কুত্তা জুয়েল’, রাকিব হাওলাদার ও অপু মীর ওরফে বায়জিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
পড়ুন:মানিকগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ইমি/


