ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগী গ্রামে অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এ সময় মাদক বিক্রির ২৩ হাজার ৭০০ টাকা নগদও জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. কোরবান আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে আধাপাকা বসতঘরের ভেতর থেকে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় নিজ বাড়িতে মাদক মজুত ও বিক্রির অভিযোগে পূর্বপারপুগী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মো. কোরবান আলী (৪১) এবং তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)-কে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : মামলাজট কমাতে মধ্যস্থতা কার্যক্রমে মিলছে ইতিবাচক ফল: আইনমন্ত্রী
সা/


