পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের সহায়তা চাইতে গিয়ে উল্টো ফাঁদে পড়েছেন এক পরিবার। নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তির নামে মিথ্যা ও অন্যায়ভাবে চুরির মামলা দিয়ে আদালতে চালানের মারাত্মক অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় (মধ্যমপাড়া) এলাকার বাসিন্দা আদরী বেগমের স্বামী সাজেদুল সরকার তাঁদের পারিবারিক বসতবাড়ি বিক্রি করতে চাইলে দম্পতির মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। স্বামী যেন বাড়িটি বিক্রি করতে না পারেন, সে জন্য আইনি সহায়তা ও মধ্যস্থতার আশায় গুরুদাসপুর থানার স্মরণাপন্ন হন আদরী বেগম।
পরবর্তীতে গুরুদাসপুর থানার এএসআই মোতালেব ওই বাড়ি থেকে সাজেদুল সরকারকে থানায় নিয়ে যান এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। পরে ভুক্তভোগী স্ত্রী জানতে পারেন, তাঁর স্বামী সাজেদুল সরকারের বিরুদ্ধে একটি চুরির মামলা দিয়ে তাঁকে আদালতে চালান করা হয়েছে।
ভুক্তভোগী আদরী বেগম জানান, তাঁদের মধ্যে বিরোধটি ছিল সম্পূর্ণ পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত। কোন পরিস্থিতিতে এবং কিসের ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে এ ধরনের চুরির মামলা দেয়া হলো, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে সুবিচারের আশায় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে স্বামীর অব্যাহতি চেয়ে নাটোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত আবেদন দায়ের করেছেন আদরী বেগম। আবেদনের মাধ্যমে তিনি পুরো ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
গুরুদাসপুর থানার এএসআই মোতালেব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ব্যপারে কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি সামনাসামনি কথা বলতে আগ্রহ প্রকাশ করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ওই ব্যক্তি মাদকাসক্ত। তবে চুরির মামলা দেওয়ার বিষয়ে তিনি সামনাসামনি কথা বলতে চান।
পড়ুন : সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সা/


