মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের নব নির্মিত ১০তলা ভবনের লিফট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেলে লিফটে থাকা লামিয়া আক্তার নামক ওই কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও তার দুই বছরের শিশু মারিয়া আটকা পড়ে।
পরে কলেজ কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় আধা ঘন্টার চেষ্টায় লিফটের দরজা কেটে ওই শিক্ষার্থী ও তার শিশু কন্যাকে উদ্ধার করে।
ভুক্তভোগী শিক্ষার্থী লামিয়া জানান, তিনি কলেজের একাডেমিক ভবনের ৯ তলা থেকে তার শিশু সন্তানকে নিয়ে লিফটে ওঠেন। লিফটের দরজা বন্ধ হবার পর লিফটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এতে তার শিশু সন্তানকে নিয়ে সে লিফটে আটকা পড়ে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কলেজের একাডেমিক ভবনের নবম তলায় আটকে থাকা লিফটের দরজা হাইড্রোলিক ম্যাশিন দিয়ে কেটে ভিতরে থাকা মা ও মেয়েকে উদ্ধার করি। তবে কি কারণে লিফট বন্ধ হয়ে গিয়েছিলো এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আকস্মিক বন্ধ হয়ে গেলে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে লিফটের দরজা কেটে মা ও মেয়েকে উদ্ধার করে। তারা দুইজনই সুস্থ আছেন বলে জানান তিনি।
পড়ুন : ফকিরহাটে ডেঙ্গু জ্বরের প্রকোপ, টেস্টে অনিহা বেশিরভাগ রোগীর


