কক্সবাজারের চকরিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আলোচিত বালুদস্যু নাজিম উদ্দিনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক মামলার শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত মঞ্জুর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হয়। শুনানিতে সাংবাদিকদের পক্ষে আদালতের একাধিক সিনিয়র আইনজীবী অংশ নেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রধান আসামি নাজিম উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাজিম উদ্দিনকে চকরিয়া আদালতে হাজির করা হয়। পরে দুপুরে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাছড়ি এলাকায় পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলনের অভিযোগে সচিত্র সংবাদ সংগ্রহ করতে যান চকরিয়ায় কর্মরত তিনজন সিনিয়র সাংবাদিক। এ সময় অভিযুক্ত নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন এবং তাদের হত্যারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষ থেকে নাজিম উদ্দিনকে প্রধান আসামি করে মোট ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলায় হামলা, হত্যাচেষ্টা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
পড়ুন : ধামরাইয়ে অবৈধ ব্যাটারি গলানোর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা


