ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) আটক হয়েছেন।
বুধবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২১ জুলাই) রাত ১১টা থেকে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত মনপুরা উপজেলার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক স্বপন ভোলা জেলার মনপুরা থানার হাজিরহাট এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে এলাকায় ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে।
কোস্ট গার্ড সূত্রে আরও জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : ধামরাইয়ে অবৈধ ব্যাটারি গলানোর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা


