চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে অভিযান পরিচালনা করে ডিবি সদস্যরা।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম শনিবার প্রেস ব্রিফিং এ জানিয়েছেন, অপরাধ, সন্ত্রাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলসহ সব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত অন্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন:কুষ্টিয়া ভেড়ামারায় সাবেক পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলের উপর সন্ত্রাসী হামলা
ইমি/


