জামালপুরের সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
একই সঙ্গে ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল করে বয়স শিথিলের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরতদের স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক শাহিনুর রহমান, সদস্য সচিব শামসুজ্জামান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শান্ত ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম, সুইটি আক্তার, সদস্য মো. সৌরভসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করে আসা দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের যেন বিনা কারণে চাকরিচ্যুত করা না হয়। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন কর্মচারীরা।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: মিসাইলের মজুত শেষ হওয়ার শঙ্কার ইরানে মার্কিন হামলা বন্ধ
আর/


