টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরী গ্রামে টিনের ঘরের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়মা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সায়মা বংখুরী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে থাকা অবস্থায় সায়মা টিনের ঘরের বেড়ার কাছে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
সায়মাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, দুই কন্যাসন্তানের মধ্যে সায়মা ছিল ছোট। আদরের ছোট মেয়েকে হারিয়ে বাবা জাহাঙ্গীর আলমসহ পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। সায়মার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। তাদের মতে, বৈদ্যুতিক সংযোগের সামান্য ত্রুটি বা অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়িঘরের বৈদ্যুতিক সংযোগ ও তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ঝুঁকিপূর্ণ সংযোগ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন:ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে চলছে ৪৮ ঘণ্টার হরতাল
ইমি/


