বিজ্ঞাপন

বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট ঘোষণা, আকার ১,৪১৭ কোটি টাকা

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত এ বাজেটের আকার ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে কর খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা, যা গত অর্থবছরের ৪০ কোটি ৬৬ লাখ টাকার তুলনায় প্রায় দ্বিগুণ। তবে আগামী ডিসেম্বর পর্যন্ত বহুতল ভবন ছাড়া অন্যান্য আবাসিক ভবনের কর বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন প্রশাসক।

বাজেট উপস্থাপনকালে এম. আর. ইসলাম স্বাধীন বলেন, নবগঠিত সিটি করপোরেশনের প্রথম বাজেটে নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় খাতে বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং করের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় যানবাহন ক্রয়, পরিকল্পিত পার্কিং ব্যবস্থা, যানজট নিরসন এবং নগর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে বগুড়া সিটি করপোরেশনে উন্নীত হয়েছে। এই বাজেটের মাধ্যমে নগর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার পরিধি বাড়বে।

তিনি বলেন, বাজেট ঘোষণা নয়, এর সঠিক বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নগরের উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নাগরিকদের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসন ও নগরবাসীর সমন্বিত প্রচেষ্টায় বগুড়াকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় এবার নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হলো।

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন