২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে বলা হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে আলোচনা করা বাধ্যতামূলক। এ কারণে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের সময় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য সব নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে উপস্থিত থাকবেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা এবং নির্বাচন-সংক্রান্ত সার্বিক প্রস্তুতির বিষয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ হতে পারে।
পড়ুন: এসএসসির ফল প্রকাশ আগামী ১০ আগস্ট
আর/


