নরসিংদীতে মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী বাজারের একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল মজুত করে বিক্রি কারা অবস্থায় হাতেনাতে ধরা পড়ে দুইজন। তবে অনেক জাল ব্যবসায়ি পালিয়ে যায়, এসময় জব্দ করা জালের আনুপাতিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে নির্ধারণ করা হয় বলে জানান প্রশাসন।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জালের পরিমাণ এতই বেশি ছিল যে তা সরাতে বেশ সময় লাগে। অবৈধ এই জাল ব্যবসার সাথে জড়িতদের মাঝে দুইজনকে নগদ অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের কারদণ্ড প্রদান করা হয়। এর মাঝে একজন জরিমানার নগদ বিশ হাজার টাকা আদায় করে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন,”দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
অভিযানকালে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি
সা/


