মুক্তির আগেই দারুণ সাড়া ফেলেছে টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্ব প্রিমিয়ারের আগেই সিনেমাটি প্রথম দফার সমালোচকদের রিভিউ প্রকাশিত হয়েছে, আর তাতেই মিলেছে বড় সাফল্য। জনপ্রিয় রিভিউ অ্যাগ্রিগেটর রটেন টমেটোজে সিনেমাটি বর্তমানে ৯১ শতাংশ স্কোর ধরে রেখেছে।
প্রথম প্রদর্শনীর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়ার শুরু হয়। অনেক সমালোচকই বলছেন, টম হল্যান্ড এবার তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন। কেউ কেউ আবার ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-কেই এখন পর্যন্ত নির্মিত সেরা স্পাইডার-ম্যান সিনেমা বলে মন্তব্য করেছেন। সিনেমাটির গল্প এবং স্যাডি সিঙ্কের রহস্যময় চরিত্রও দর্শক ও সমালোচকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
ইতিবাচক রিভিউয়ের পর সিনেমাটি বক্স অফিস আয় নিয়েও আশাবাদী বিশ্লেষকেরা। ভ্যারাইটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার ৪ হাজার ৩০০টি প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি ২৬০ থেকে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে। এমনকি কিছু বক্স অফিস বিশেষজ্ঞের ধারণা, দর্শকদের আগ্রহ আরও বাড়লে উদ্বোধনী আয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারও ছুঁতে পারে। যদিও সনি পিকচার্স শুরুতে ১৯০ থেকে ১৯৫ মিলিয়ন মার্কিন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিল।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে টম হল্যান্ড অভিনয় করেছেনস্পাইডার-ম্যান চরিত্রে। এমজে চরিত্রে জেন্ডায়া, নেড লিডস চরিত্রে জ্যাকব ব্যাটালন এবং মার্ক রাফালোকে দেখা যাবে হাল্ক চরিত্রে। এছাড়া স্যাডি সিঙ্ক একটি অপ্রকাশিত চরিত্রে অভিনয় করেছেন। ভক্তদের অনেকের ধারণা, তিনি হয়তো জিন গ্রে চরিত্রে দেখা দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
প্রসঙ্গত, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারত আর বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই)। আর আর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ২০২৬।
পড়ুন : ‘ডক্টর হু’ ও ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেতা টম চ্যাডবনের মৃত্যু
সা/


