ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আরও প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায়। সিনিয়র স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন।
অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা হলেন, মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন খান জানান, ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তবে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যানজট অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সা/


