জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, উদ্ভিদ মানুষের জীবনধারণের অন্যতম প্রধান উপাদান। কিন্তু একদিকে বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কথা বলা হচ্ছে। বৃক্ষ নিধন অব্যাহত রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
উপাচার্য আরও বলেন, নতুন সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। এ কর্মসূচিকে সফল করতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষায় কার্যকর অবদান রাখার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠার ২১ বছর পেরিয়ে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। অতীতে যথাযথ পরিকল্পনা ও দায়িত্বশীলতার অভাবে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তবে বর্তমানে ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তনসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই কৃষি বিশেষজ্ঞ ফরিদ উদ্দিন আহমদ এবং বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. খুরশিদ নাহার।
অনুষ্ঠানে বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভাগের স্পোর্টস, কালচারাল ও ডিবেটিং ক্লাবের সেরা পারফর্মারদেরও সম্মাননা জানানো হয়।
এছাড়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষকরা নবীনদের শিক্ষাজীবনের সাফল্য এবং বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পড়ুন:চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষককে শোকজ
ইমি/


