ভারতে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ভূমিকার সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তার অভিযোগ, আন্দোলন দমনে পুলিশের অভিযান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
অভিজিৎ দিপকে বলেন, ২০ জুলাই সংসদ অভিমুখে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ যেভাবে অভিযান চালিয়েছে এবং শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, তা অমিত শাহর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না। এ কারণেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
তিনি আরও জানান, এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও একই অভিযোগ তুলে অমিত শাহর পদত্যাগ দাবি করেছিলেন। এ বিষয়ে তিনি রাহুল গান্ধীর অবস্থানের সঙ্গে একমত বলেও মন্তব্য করেন।
বিদেশি অর্থায়নের অভিযোগও নাকচ করেন অভিজিৎ দিপকে। তার ভাষ্য, যদি সত্যিই তার সংগঠন বিদেশি অর্থায়ন পেয়ে থাকে, তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটি অমিত শাহর ব্যর্থতা। সে ক্ষেত্রেও তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
পড়ুন:ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইমি/


