গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কালিয়াকৈর পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান , কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, দেওয়ান জসিম উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
পড়ুন : যশোরে ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ি পুনঃনির্মাণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন


