চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে আজ সকাল ১১টায় এলাকাবাসী, সাবেক শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সেখানে আর্থিক অনিয়ম, হিসাব সংরক্ষণে অসঙ্গতি এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগ অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব অভিযোগ শুধু প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের আস্থাকেও প্রশ্নের মুখে ফেলে। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে অভিযোগ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি প্রকাশিত অডিট প্রতিবেদনে উঠে আসা আর্থিক অসঙ্গতি ও প্রশাসনিক অনিয়মের বিষয়গুলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন সৃষ্টি করেছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রধান অধ্যক্ষকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে নিয়মিত আর্থিক নিরীক্ষা, প্রশাসনিক কার্যক্রমের তদারকি এবং পরিচালনা পর্ষদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগে অভিযুক্ত প্রধান অধ্যক্ষকে দ্রুত অপসারণ, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতির স্থান নেই। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ সময় মানববন্ধন থেকে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের আর্থিক অনিয়ম অনুসন্ধান করে জনসম্মুখে তুলে ধরায় নাগরিক টিভির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতার মাধ্যমেই এ ধরনের অনিয়ম প্রকাশ্যে আসে। তারা আশা প্রকাশ করেন, নাগরিক টিভির সংবাদ প্রচারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এবং প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
আর/


