দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলার চেষ্টা করতে পারে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে দায়িত্ব পালনের সময় এবং দায়িত্ব শেষে পার্কিংয়ে রাখা যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, দায়িত্ব পালনকালে কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, কোনো পুলিশি যানবাহন আনঅ্যাটেন্ডেড অবস্থায় রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তাও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদারের প্রেক্ষাপটে পুলিশের নিজস্ব লজিস্টিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে সম্ভাব্য হুমকির উৎস বা কোনো নির্দিষ্ট উগ্রবাদী সংগঠনের নাম প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর। নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি। মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়ে সময়েই বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়। এটি তেমনই একটি নিয়মিত নির্দেশনা। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
পড়ুন: ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের, যুদ্ধে টিকে থাকা নিয়ে শঙ্কা
আর/


