মনগড়া ভোটার তালিকা প্রস্তুত, মৃত ব্যক্তিকে জীবিত দেখানো এবং নির্বাচনী নিয়ম লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন-২০২৬ বাতিল ও তদন্তের দাবি জানিয়েছেন সংক্ষুব্ধ ভোটাররা। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও গভর্নিং বডির সভাপতি বরাবর এ লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সংবিধি-২০২৩ (১১.৪ এর ‘জ’ বিধি) অনুযায়ী একজন ভোটারের ৩ ক্যাটাগরিতে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার নিয়ম থাকলেও অধ্যক্ষ আব্দুল হাকিম ও প্রিজাইডিং অফিসার তোফাজ্জল হোসেন যোগসাজশ করে ১ জন প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন।
এ ছাড়া অধ্যক্ষ আব্দুল হাকিম তার সম্বন্ধী জাবেদ আলীকে বিজয়ী করতে মৃত ব্যক্তিকে জীবিত দেখানো এবং একই নাম একাধিক স্থানে বসিয়ে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করেন বলে অভিযোগ ওঠে। এতে ভগ্নীপতি অধ্যক্ষের মদদে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের কথা উল্লেখ করে সংক্ষুব্ধ ভোটাররা বিতর্কিত নির্বাচন বাতিল ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুল হাকিম জানান, নিয়ম মেনেই নির্বাচন পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:ফের মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের
ইমি/


