মেহেরপুরের গাংনী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ধারাবাহিক কর্মকাণ্ড এবং বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার বিকেলে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের উদ্যোগে হাসপাতাল বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হাসপাতাল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিএনপিকে ঘিরে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। তারা বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা প্রচারণা ও উসকানিমূলক বক্তব্য পরিহার করে সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সেই আন্দোলন অব্যাহত রাখবে। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা শাহজাহান সেলিম, গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, বিএনপি নেতা মতিউর রহমান মোল্লা, নুরুজ্জামান হকা, সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুদা, রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, বিএনপি নেতা এনামুল হক, আব্দুল গনি, কাউন্সিলর নাসির উদ্দিন, জাসাস নেতা সুলেরী আলভী, বিএনপি নেতা আবু বক্কর, যুবদল নেতা শাহিবুল ইসলাম, বাবু খান, আমিরুল ইসলাম, ফজলুল হকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। কর্মসূচি চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং নেতাকর্মীরা শৃঙ্খলার সঙ্গে মিছিল ও সমাবেশে অংশ নেন।
পড়ুন : সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ


