খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন খাল থেকে অবৈধ দখল ও পানিপ্রবাহে বাধা দূর করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২ আগস্ট) সাচিবুনিয়া খাল, গজালমারী খাল এবং সুরখালী গেটসংলগ্ন খালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খালের ওপর স্থাপিত অবৈধ নেট পাটা, প্রতিবন্ধকতা এবং পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। প্রশাসনের মতে, এর ফলে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের পাশাপাশি জলাবদ্ধতা কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার সব খাল পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতি রবিবার নতুন দুটি খালকে অভিযানের আওতায় আনা হবে এবং সপ্তাহজুড়ে সেসব খালে অবৈধ দখল ও নেট পাটা অপসারণ করা হবে। এ কার্যক্রম উপজেলার প্রতিটি খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের কানুনগো রিয়াজ উদ্দিন, সার্ভেয়ার মো. মাহতাব হোসেন, পেশকার প্রসেনজিৎ দাস, জলমা ভূমি অফিসের নায়েব মো. কামরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল দখল বা পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে এমন যেকোনো অবৈধ স্থাপনা ও কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার সব খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
পড়ুন : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার
সা/


