গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা কার্যক্রমে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
রোববার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ শোনেন।
পরিদর্শনের সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অফিস কক্ষ ও প্রাঙ্গণে বহিরাগত অনেক লোকের উপস্থিতি তার নজরে আসে। তাদের সেখানে অবস্থানের কারণ সম্পর্কেও খোঁজ নেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র এবং সেবা প্রদানের বিষয়গুলোও যাচাই-বাছাই করেন।
পরিদর্শনকালে ভূমি সংক্রান্ত সেবা প্রদানে বিভিন্ন ধরনের অনিয়ম, দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ এবং প্রাপ্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে কাশিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান বলেন, “আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে—এমন কোনো বিষয় আমি জানি না। আমি এখন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছি।”
পড়ুন: ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
আর/


