মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে এক ইউপি সদস্য ও তার ছেলেকে অর্থদণ্ড এবং অপর এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি রাস্তা।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
অভিযানে শরীফপুর ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বাড়িতে বালু মজুদ রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মো. মাসুম মিয়াকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে পূর্বে জব্দ করা বালুর সঙ্গে নতুন করে জব্দ হওয়া বালুও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত জব্দকৃত বালু নিলামের ব্যবস্থা নেওয়া হবে।
একই অভিযানে শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সড়কের সীমানাও নির্ধারণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত
আর/


