সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনটি দুপুর ২ টায় ৪০ মিনিটে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। প্রায় ৪০ মিনিট উদ্ধারকাজ শেষে রিলিফ ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে টেনে জামতৈল স্টেশনে নিয়ে যায়।
এরআগে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার সদানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একমাত্র রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্তত চারটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
এই ঘটনায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চিলাহাটি এক্সপ্রেস উল্লাপাড়ায় আটকা রয়েছে। এছাড়া যমুনা সেতু পূর্বপারে একতা, রংপুর, নীলসাগর ও ভুরুঙ্গামারী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ রয়েছে ছিলো।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন মাস্টার মনিরুজ্জামান বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে টেনে জামতৈল স্টেশনে নিয়ে গেছে। আশা করা যাচ্ছে আগামী ৪০ মিনিটের মধ্যে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হবে।
পাকশী বিভাগীয় রেলওয়ের জিএম ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির বাকী সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।
পড়ুন:ফকিরহাটে সমাজসেবার কার্যালয়ের সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
ইমি/


